শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

সৈ য দ জা হি দ স রো য়া র

  • নারীর রক্তে লেখা শপথ
  • ২০২৫-১০-২৭ ১৩:৪০:৩৬

আমি নারী…
শতাব্দীর পর শতাব্দী
আমার গলা চেপে ধরা হয়েছিল নীরবতার শেকলে।
আমার চোখের জলকে বলা হয়েছিল-
“এটাই তোমার অলংকার।”
আমার ক্ষুধা, আমার কান্না, আমার অপমানকে ঢেকে রাখা হয়েছিল
ভালোবাসার মিথ্যে ফুলে।

কিন্তু আজ-
আমার চোখে জল নেই,
আজ আমার চোখে আগুন।
কারণ আমি বুঝেছি-
যে প্রেমে সম্মান নেই,
সে প্রেম আসলে কবরের নীরবতা!

আমি নারী,
কখনো মা, কখনো বোন, কখনো প্রেমিকা,
তবুও সবচেয়ে বেশি আমি-একজন মানুষ।
আর সেই মানুষকে যদি তুমি ভণ্ডামির দেয়ালে আটকে রাখতে চাও,
আমি সেই দেয়াল ভেঙে ফেলব
আমার প্রতিটি রক্তবিন্দু দিয়ে।

ভণ্ড প্রেমিক, ভণ্ড সমাজ, ভণ্ড সভ্যতা- শোনো!
তোমাদের মিথ্যে প্রতিশ্রুতির রঙিন জাল ছিঁড়ে গেছে।
আজ আমার কণ্ঠে বজ্রধ্বনি-
“আমি স্বাধীন! আমি সম্মানিত! আমি অটল!”

আমার বুকের ভেতর যে ক্ষত,
সেই ক্ষতই আজ মশাল হয়ে জ্বলছে।
আমার কান্না আজ পরিণত হয়েছে বজ্রকণ্ঠে।
আর সেই বজ্রকণ্ঠে কেঁপে উঠবে মঞ্চ,
কেঁপে উঠবে সভ্যতার ভণ্ড আয়না।

আমি নারী-
শেকল ভাঙা আগুন,
রক্তাক্ত অথচ দীপ্ত,
আমার স্বাধীনতার মিছিল থামানো যাবে না।

আজ আমি শপথ নিই-
যে ভালোবাসা সম্মান শেখায়নি,
যে সমাজ সমতা মানেনি,
তার বিরুদ্ধে আমার কণ্ঠ হবে শেষ বিচার।


এ জাতীয় আরো খবর