রবিবার, অক্টোবর ৪, ২০২৬

ফার্মগেটে মেট্রোরেল পিলার থেকে যন্ত্রাংশ পড়ে প্রাণ গেল আবুল কালামের,পরিবারে শোকের ছায়া

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-২৬ ২১:৫৫:৪১
ছবি: সংগৃহীত।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) ছিটকে পড়ে নিহত হন পথচারী আবুল কালাম আজাদ (৩৫)। হঠাৎ এ দুর্ঘটনায় স্তব্ধ তার পরিবার ও এলাকাবাসী। নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকার বাসিন্দা আবুল কালামের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের সদস্যরা জানান, মাত্র পাঁচ বছর আগে আজাদের দাম্পত্য জীবন শুরু হয়। তার ৫ বছরের ছেলে আব্দুল্লাহ ও ৩ বছরের মেয়ে সুরাইয়া আক্তার এখনও বুঝতে পারছে না তাদের বাবার মৃত্যু মানে কী।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাস্তায় হেঁটে যাওয়ার সময় মেট্রোরেল পিলারের ওপর থেকে ছিটকে পড়া ভারী যন্ত্রাংশ তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এ ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে। সড়ক ও রেলপথ বিভাগের প্রধান প্রকৌশলী মুহাম্মদ ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের কর্মক্ষম কাউকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকায় গোসল ও জানাজা শেষে মরদেহ শরীয়তের নড়িয়ায় দাফন করা হবে। প্রিয়জন হারিয়ে এখন শোক আর বেদনায় ভেঙে পড়েছে পুরো পরিবার।

কীওয়ার্ডস: মেট্রোরেল দুর্ঘটনা, ফার্মগেট, আবুল কালাম নিহত


এ জাতীয় আরো খবর