সোমবার, মে ২৫, ২০২৬

হংকং বিমান দুর্ঘটনায় উদ্ধার মিলল ব্ল্যাক বক্স, এক মাসে প্রাথমিক প্রতিবেদন আসছে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২৬ ০৯:৩৫:৩০
ছবি: সংগৃহীত।

হংকং বিমানবন্দরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বোয়িং কার্গো বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এতে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সহায়ক তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা।
শনিবার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি জানায়, গত সোমবার ভোরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে নিরাপত্তা টহল গাড়িকে ধাক্কা দিয়ে সমুদ্রে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই নিরাপত্তা কর্মী নিহত হন। ১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে হংকং বিমানবন্দরে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানের একটি ইঞ্জিন, ল্যান্ডিং গিয়ার এবং ব্ল্যাক বক্স সফলভাবে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটি বা প্রতিকূল আবহাওয়া এ দুর্ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।
শহরের পরিবহন ও সরবরাহ ব্যুরো জানিয়েছে, এক মাসের মধ্যেই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এতে বিমানটির প্রযুক্তিগত অবস্থান, পাইলটের যোগাযোগ এবং রানওয়ের নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত বিশ্লেষণ অন্তর্ভুক্ত থাকবে।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক ও বোয়িং কোম্পানির বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করছেন। তারা দুর্ঘটনার কারণ শনাক্ত করতে ফ্লাইট রেকর্ডারের তথ্য বিশ্লেষণ শুরু করেছেন।
এদিকে, বিমানবন্দর এলাকায় উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার পর থেকে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে, তবে নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কীওয়ার্ডস:
হংকং বিমান দুর্ঘটনা, ব্ল্যাক বক্স উদ্ধার, বোয়িং কার্গো তদন্ত


এ জাতীয় আরো খবর