মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

কাতার-তুরস্কের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি আফগানিস্তান ও পাকিস্তান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-১৯ ০৯:১৯:২০
ছবি: সংগৃহীত।

দীর্ঘ দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারের রাজধানী দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকের পর দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়।
রোববার (১৯ অক্টোবর) ভোরে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, আলোচনায় উভয় দেশ শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যেতে সম্মত হয়েছে এবং যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন নিশ্চিত করতে ফলোআপ বৈঠকের আয়োজন করা হবে।
দোহায় অনুষ্ঠিত এই বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
গত দুই সপ্তাহ ধরে দুই দেশের সীমান্ত এলাকায় ভয়াবহ সংঘর্ষ চলছিল, যাতে কয়েকশ মানুষ নিহত ও হাজারের বেশি আহত হন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের মাটিতে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্তে হামলা চালাচ্ছে এবং কাবুল সরকার তাদের আশ্রয় দিচ্ছে। অপরদিকে, আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলছে, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে না।
সম্প্রতি আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) এক আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। এর পরপরই পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায়, যার জবাবে পাল্টা হামলা করে আফগান সেনারা।
বিশ্লেষকদের মতে, কাতার ও তুরস্কের এই কূটনৈতিক উদ্যোগ দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফেরানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয়, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

কীওয়ার্ডস:
আফগান-পাকিস্তান যুদ্ধবিরতি, কাতার তুরস্ক মধ্যস্থতা, দোহা শান্তি আলোচনা, আফগান সীমান্ত সংঘর্ষ, দক্ষিণ এশিয়া শান্তি


এ জাতীয় আরো খবর