মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বিশ্ব উষ্ণায়নে বিপদে ৯০ কোটি দরিদ্র মানুষ, জাতিসংঘের নতুন সতর্কবার্তা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-১৮ ০৯:৩২:২৪
ফাইল ছবি

বিশ্ব উষ্ণায়নের তীব্র প্রভাব এখন বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি পড়ছে। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৯০ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের সরাসরি ঝুঁকিতে রয়েছে। এই বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্য, খরা, বন্যা, তাপপ্রবাহ ও বায়ুদূষণের মতো বহুমাত্রিক সংকটে ভুগছে।
শুক্রবার (১৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ভারপ্রাপ্ত প্রশাসক হাওলিয়াং জু বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে কেউই নিরাপদ নয়। কিন্তু সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীই এই সংকটের সবচেয়ে বড় শিকার।”
অক্সফোর্ড দারিদ্র্য ও মানব উন্নয়ন উদ্যোগের সঙ্গে যৌথভাবে প্রকাশিত এই বার্ষিক সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বের ১০৯টি দেশের ৬.৩ বিলিয়ন মানুষের মধ্যে প্রায় ১.১ বিলিয়ন মানুষ এখনো তীব্র বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বাস করছে। তাদের অর্ধেকের বেশি শিশু, আর এই দারিদ্র্যপীড়িত অঞ্চলের বড় অংশই সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় অবস্থিত।
প্রতিবেদনে দেখা যায়, দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ৭৯ শতাংশ অন্তত একটি জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে ৬০ কোটির বেশি মানুষ চরম তাপে, ৫৭ কোটির বেশি দূষণে, ৪৬ কোটির বেশি বন্যায় এবং ২০ কোটিরও বেশি খরায় আক্রান্ত। প্রায় ৩০ কোটিরও বেশি মানুষ একসঙ্গে তিন বা ততোধিক ঝুঁকির মুখোমুখি হচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পৃথিবীর তাপমাত্রা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকলে এই সংকট আরও গভীর হবে। দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলগুলো দারিদ্র্য মোকাবিলায় অগ্রগতি অর্জন করলেও ৯৯ শতাংশ দরিদ্র মানুষ এখনো অন্তত একটি জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় এখনই সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। মানুষের জীবিকা ও পৃথিবী রক্ষাকে সমান গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দারিদ্র্য ও জলবায়ু সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে।

কীওয়ার্ডস:
জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য সংকট, জাতিসংঘ প্রতিবেদন


এ জাতীয় আরো খবর