সাবধানে চলাফেরার হুমকি দিয়ে কপিলমুনিতে স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবকের ফেসবুক পোস্ট
- শেখ নাদীর শাহ্,
-
২০২৫-১০-১৬ ২১:৫৪:৪৭
- Print
পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছার কপিলমুনিতে প্রকাশ্য দিবালোকে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে রাস্তা থেকে অপহরণের পর ধর্ষণের ঘটনার খবর প্রকাশ করায় অনলাইন পোর্টাল দীপ্ত নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক, সকালের আলোর স্থানীয় প্রতিনিধি ও কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য শেখ নাদীর শাহ্কে সাবধানে চলাফেফার কথা জানিয়ে ফেসবুক পোস্ট করেছে ধর্ষণে অভিযুক্ত মূল আসামি নাজমুল হোসেন।
এর আগে, বুধবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকায় এ লোহমর্ষক ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনার শিকার জনৈকা ছাত্রীকে ওই দিনই উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
সর্বশেষ এ ঘটনায় খবর প্রকাশের জেরে ধর্ষণে অভিযুক্ত মূল হোতা নাজমুল হোসেন নামের ওই যুবক সাংবাদিককে হুমকি দিয়ে ফেসবুকে একটি স্টোরি শেয়ার করেছে।
বৃহম্পতিবার সকালে N Azmul নামের একটি ফেসবুক আইডির স্টোরিতে নিজের ছবিতে অভিযুক্ত ওই যুবক লিখেছে, আপনারা যারা এই সমস্যাটার কারণ হয়েছেন একটু শেপ নিয়ে চলা ফেরা কইরেন। আসলে এখনো বাইরে আছি। অভিযুক্ত ওই যুবক আরও লিখেছে, যেহেতু বিনা দোষে ধরে নিয়ে গিয়েছে, আজ রাতে আবার মামলা তুলে নেবে বলেও ওই স্টোরিতে অভিযুক্ত ওই যুবক দাবি করেছে।
এর আগে, গতকাল জনপ্রিয় অনলাইন পোর্টাল দীপ্ত নিউজ২৪.কম সহ বিভিন্ন পত্র-পত্রিকায় ধর্ষণের ঘটনায় খবর প্রকাশ করলে ওই রাতেই ধর্ষণে অভিযুক্তকে সহযোগিতার দায়ে উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।
তার আগে, স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আজগর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তার নের্তৃত্বে ফাঁড়ির পুলিশ ঘটনায় ভুক্তভোগী জনৈকা ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়েছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে ধর্ষকদের নাম প্রকাশ করেনি।
পুলিশ ও স্থানীয়রাা জানায়, বুধবার বেলা আনুমানিক ৩ থেকে সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী জনৈকা ওই ছাত্রীর কাশিমনগর ঋশীপাড়াস্থ বাড়ির সামনের রাস্তা থেকে অভিযুক্ত ওই ৩ যুবক মোটর সাইকেল যোগে জোরপূর্বক মুখ চেপে ধরে উঠিয়ে নিয়ে পাশ্ববর্তী বিলের মধ্যে একটি বাসায় নিয়ে ধর্ষণ করে।