মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি: প্রধানমন্ত্রী মেলোনি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-১৪ ২২:০৬:৫৪
ছবি: সংগৃহীত।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত তার দেশ। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানান তিনি।
সোমবার (১৩ অক্টোবর) মিশরের লোহিত সাগর তীরবর্তী শহর শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলন’-এ অংশ নিয়ে মেলোনি বলেন, “ইতালি দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধবিরতির প্রত্যাশা করছিল। প্রেসিডেন্ট ট্রাম্প সময়োপযোগী এক শান্তি পরিকল্পনা প্রস্তাব করে ইতিহাস সৃষ্টি করেছেন। যদি এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইতালির আর কোনো বাধা থাকবে না।”
তিনি আরও বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। আমি গর্বিত যে ইতালি এই শান্তি প্রক্রিয়ার অংশ হতে পেরেছে। আমরা আন্তর্জাতিক দায়িত্ব পালনে প্রস্তুত।”
উল্লেখ্য, দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অংশ হিসেবে হামাস মুক্তি দিয়েছে ২০ জন ইসরায়েলি জিম্মিকে, আর ইসরায়েল ছেড়েছে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে। পাশাপাশি গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু করেছে ইসরায়েল।
মেলোনি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা তার এক বড় কূটনৈতিক সাফল্য। আমরা আশা করি, রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানেও তিনি সফল হবেন।”

কীওয়ার্ডস:
ফিলিস্তিন স্বীকৃতি, জর্জিয়া মেলোনি, গাজা শান্তি সম্মেলন


এ জাতীয় আরো খবর