চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় এক নারী এবং এক ইউপি সদস্য সহ দু’জনের যাবজ্জীবন
- জাকির হোসেন পিংকু
-
২০২৫-১০-১২ ১৯:৩০:৪০
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে নয়শত পঞ্চাশ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় এক নারী এবং বর্তমান এক ইউপি সদস্য সহ দু’জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে কুড়ি হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। দন্ডিতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামের আমীর আলীর ছেলে এবং ঐ ইউপি’র ৩ নং ওয়ার্ডেও বর্তমান সদস্য জুয়েল রানা (৩৪) এবং জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মুকুল রানার স্ত্রী ববিতা খাতুন(৩৩)।
রোববার(১২ অক্টোবর) বিকাল সোয়া ৪টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: আব্দুল্লাহ আল মামুন আসামী ববিতার উপস্থিতিতে এবং আসামী জুয়েল রানার অনুপস্থিতিতে (পলাতক) আদেশ ঘোষণা করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. ময়েজ উদ্দিন বলেন, ২০২৩ সালের ১৪ অক্টোবর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে জেলা শহরের বালুবাগান মহল্লার ভাড়া বাড়ি থেকে ৭৫০ গ্রাম হেরোইন গ্রেপ্তার হন ববিতা। এরপর তাঁর দেয়া তথ্যে তৎক্ষনাৎ শহরের বেলেপুকুর মহল্লার নিজ শহরের বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন জুয়েল রানা। এ ঘটনায় ওইদিন ওই দু’জনকে আসামী করে সদর থানায় মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক(এসআই) আসাদুর রহমান।
২০২৩ সালের ১৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের তৎকালীন পরিদর্শক ইলিয়াস গোসেন তালুকদার ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে রোববার আদালত সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালননা করেন এড.রমজান আলী হিরো।