রবিবার, মে ৩১, ২০২৬

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও পাঁচ দেশ, ঐতিহাসিক ঘোষণা ফ্রান্সেরও

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-২৩ ১০:০২:৪২
ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আরও পাঁচ দেশ। অ্যান্ডোরা, মোনাকো, লুক্সেমবার্গ, মাল্টা ও বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায়। একই মঞ্চে ফ্রান্সও প্রথমবারের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়।
সম্মেলনে মাল্টার প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত শান্তি ও ন্যায়বিচারের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী একে আখ্যা দেন ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে। অন্যদিকে বেলজিয়াম জানায়, দীর্ঘদিন ধরে আলোচিত দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের সমর্থনের সঙ্গেই এই ঘোষণা সামঞ্জস্যপূর্ণ।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “আজ আমি ঘোষণা করছি, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এটাই একমাত্র সমাধান, যা ইসরাইলকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেবে।” তিনি আরও উল্লেখ করেন, এই স্বীকৃতি কার্যকর আলোচনার পথ খুলে দেবে এবং আরব-মুসলিম দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উৎসাহিত করবে।
সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আন্তর্জাতিক সমর্থন আরও সুসংহত হলো। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ বৈঠকে যোগ দেয়নি।

কীওয়ার্ডস: ফিলিস্তিন স্বীকৃতি, ফ্রান্স ফিলিস্তিন, দ্বি-রাষ্ট্র সমাধান, আন্তর্জাতিক সম্মেলন, ইসরাইল সংকট


এ জাতীয় আরো খবর