শনিবার, মে ২, ২০২৬

তীরে এসে তরী ডুবলো আফগানিস্তানের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৫ ১০:৩১:১০

দ্বিতীয় একদিনের ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের কাছে শেষ ওভারের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ১ উইকেটে হেরে গেছে রশিদ খানরা।
বুধবার হাম্বানটোটায় প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩০০ রান করে আফগানিস্তান। জবাবে মাত্র ১ বল আর ১ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।
প্রথম ওয়ানডেতে মাত্র ৫৯ রানে অলআউট আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডেতে চমক জাগানো শুরু করে। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান শুরুটা করেন দেখে শুনে। প্রথম ২১ ওভারে রান ছিল ৯১। তবে এরপর দুজন মিলে পাকিস্তানি বোলারদের রীতিমতো নাভিশ্বাস তোলেন।
তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৩৯.৫ ওভারে আসে ২২৭ রান। জুটি ভাঙে ১০১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৮০ রানে ইব্রাহিমের আউটে। ৪৫তম ওভারে গুরবাজকেও হারায় আফগানিস্তান। আউট হওয়ার আগে ১৫১ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১৫১ রান করেছেন তিনি।
এরপর অবশ্য আর খুব বেশি রান তুলতে পারেনি আফগানরা। ৫০ ওভারে ৫ উইকেটে ৩০০ রান তুলে শেষ হয় ইনিংস। শাহিন আফ্রিদি নেন সর্বোচ্চ দুই উইকেট। 
বড় লক্ষ্যে পাকিস্তানের শুরটাও মন্দ ছিল না। প্রথম উইকেটে আসে ৫২ রান। ফখর জামান ৩০ করে ফিরলে জুটি ভাঙে। এরপর অধিনায়ক বাবর আজম ও ইমাম উল হক দলকে নিয়ে যাচ্ছিলেন লক্ষ্যের দিকে। দ্বিতীয় উইকেট জুটিতে তাঁরা তোলেন ১১৮ রান।
কিন্তু ৬৬ বলে ৬ চারে বাবর ৫৩ রান করে ফজলহক ফারুকির বলে আউট হন বাবর। এরপর রিজওয়ান ২, আঘা সালমান ১৪, ওসাম মীর ০ ও ইফতিখার আহমেদ ফেরেন ১৭ রানে। পাকিস্তানকে আশা দেখানো ইমাম দলীয় ২১১ রানের সময় ৯১ রানে ফেরেন সাজঘরে।
তাতে জয়ের সম্ভাবনা ফিকে হতে থাকে। কিন্তু ফিকে হয়ে যাওয়া সেই আশায় আবার রঙের প্রলেপ দেন শাদাব খান। তার ৪৮ রানের ইনিংসে ম্যাচ যায় শেষ ওভারে। সেখানে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। কিন্তু শাদাব প্রথম বলের সময় প্রান্ত পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে শিকার হন মানকাডিং আউটের।
কিন্তু এরপর নাসিম শাহ ও হারিস রউফ মিলে ফারুকির ৫ বলেই ১১ রান তুলে ফেলেন। এ ওভারে ফারুকিকে ২টি চার মারেন নাসিম। আর হারিস ১ বলে করেন ৩ রান। তাতে ১ উইকেটের জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে পাকিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফারুকি।


এ জাতীয় আরো খবর