রবিবার, মে ৩১, ২০২৬

কিছুক্ষণের জন্য জেলে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৫ ১০:২৪:২৪

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন। তবে এর আগে কিছুক্ষণের জন্য জেলে যেতে হয়েছিল তাকে। 
জর্জিয়ার ফুলটন কাউন্টি আদালতে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪শে আগস্ট) আত্মসমর্পণ করলে গ্রেফতার করা হয় ট্রাম্পকে। পরে ২ লাখ ডলারের মুচলেকায় কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়।
এটি ফৌজদারি মামলায় পাঁচ মাসের মধ্যে তার চতুর্থ গ্রেফতার। তবে এই মামলাকে "বিচারের প্রতারণা" হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।
এর আগে, আদালতে হাজির হলে সাবেক প্রেসিডেন্টের আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি (মাগশট) নেওয়া হয়। যা কোনও মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রথম ঘটনা। এ বিষয়ে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ট্রাম্প। একজন সাবেক প্রেসিডেন্টের ক্ষেত্রে এমন আচরণে অপমানজনক হিসেবে দেখছেন তিনি।
আদালতে ২০ মিনিট অবস্থান করেন ট্রাম্প। ২ লাখ মার্কিন ডলার মুচলেকায় জামিন নিশ্চিত হলে দ্রুত আদালত ত্যাগ করতে দেখা যায় তাকে। ট্রাম্পের আত্মসমর্পণকে কেন্দ্র করে বাইরে তার সমর্থক এবং আদালতে প্রচণ্ড ভিড় লেগে যায়। 
আটলান্টা বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় স্বল্প সময়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। নিজেকে নির্দোষ দাবি করে ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি, এটি একটি কারচুপির নির্বাচন ছিল। আমি ভুল কিছু করিনি তা সবাই জানে।

 


এ জাতীয় আরো খবর