চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার শিরখরা গ্রামে একটি ভবন নির্মানকালে কাজের বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সহকর্মী লিটন মিয়ার(৪০) ধাক্কায় ভবনের দোতলা থেকে নীচে পড়ে নিহত সজিব আলী(৩১) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় গোমস্তাপুর পুলিশ গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের হাটখোলা বাজার এলাকার মৃত জব্দুল আহমেদের ছেলে লিটনকে। নিহত সজিব গোমস্তাপুরের গোপালনগর গ্রামের মর্তুজা আলীর ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার(১২ সেপ্টেম্বর) মাদারীপুরে ঘটনার পর শনিবার(১৩সেপ্টেম্বর) ভোরে গোমস্তাপুরে সজিবের মরদেহ উদ্ধার হয় ও লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে মরদেহের সুরৎহাল রিােপর্ট প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিটনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়,গত শুক্রবার(১২সেপ্টেম্বর) দুপুর পৌনে একটার দিকে ঘটনার পর সহকর্মীরা মাথাায় গুরুতর জখম হওয়া সজিবকে উদ্ধার করে মাদারীপুর সদরের কালিবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতালে (প্রাইভেট ক্লিনিক) ভর্তি করে। ওইদিন বিকাল ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব মারা যায়। এরপর নিহত ও অভিযুক্তের তিন সহকর্মী ঘটনার ব্যাপারে মাদারীপুর পুলিশের সাথে যোগাযোগ না করে মরদেহ ও ঘটনায় অভিযুক্তকে সাথে নিয়ে একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে শনিবার ভোরে গোমস্তাপুর থানায় হাজির হয়। ওই তিন সহকর্মীর একজনের বাড়ি নাচোল ও দুজনের বাড়ি গোমস্তাপুরে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় গোমস্তাপুর থানায় একটি জিডি হয়েছে। তাকে হত্যার ব্যাপারে লিটনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী যথাযথ আইনগত পদক্ষেপ নিবে।