ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে প্রকাশিত ফলাফলে দেখা যায়, সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতেই জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাকি তিনটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
শীর্ষ তিন পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৮৯৪ ভোট, আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান পেয়েছেন ৯ হাজার ৫০১ ভোট।
ফলাফলে আরও দেখা যায়, সমাজসেবা সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র), গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র), এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)। অন্যান্য সম্পাদকীয় পদগুলোয় জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন প্রায় ১৯ হাজার এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ছিল ২১ হাজারের কাছাকাছি। নির্বাচনে মোট ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। একইসঙ্গে হল সংসদের ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৩৫ জন।
এই ফলাফলের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের শক্তিশালী অবস্থান।
কীওয়ার্ডস: ডাকসু নির্বাচন ফলাফল,ভিপি সাদিক কায়েম,ছাত্রশিবির জয়,ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন,ডাকসু ভোট ২০২৫