চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় চাঁাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। প্রবাসী শ্রমিক হিসেবে গত প্রায় আড়াই বছর যাবৎ তাঁরা মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। গত রোববার(৩১ আগষ্ট) মালয়েশিয়ান স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশে বিকাল) একই দূর্ঘটনায় দু’জন মারা যান। তাঁরা পাম বাগানের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তবে মালয়েশিয়ার কোন এলাকায় দূর্ঘটনা ঘটে এবং তাঁরা মালয়েশিয়ার কোথায় থাকতেন তা নিশ্চিত হওয়া যায় নি।
নিহতরা হলেন- গোমস্তাপুর সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গোপালনগর গ্রামের শুকুরুদ্দীন কালুর ছেলে মো: তুহিন(২৮) ও একই ওয়ার্ডের পাশের নসিবন্দিনগর গ্রামের মো: কাবিলের ছেলে শামীম রেজা(২৪)। নিহতদের পরিবার,পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, দুপুরে একই গাড়ীতে থাকা দু’জন সড়ক দূর্ঘটনায় নিহত হন।
নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম(৪৯) বলেন, বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে পাহাড়ী এলাকায় পিকআপ জাতীয় গাড়ীতে থাকা গোমস্তাপুরের ৫ জন পামবাগানে কাজ শেষে আবাসস্থলে আসার পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনার শিকার হন। এ সময় গাড়ী উল্টে দু’জন নিহত হন। ঘটনার পর ওই গাড়ী থেকে লাফ দিয়ে রক্ষা পান গাড়ীতে থাকা অপর তিন বাংলাদেশী। ঘটনার পর মালয়েশিয়ায় থাকা এলাকার ও বাংলাদেশের অন্য শ্রমিকরা বিকাল ৫টার দিকে নিহতদের বাড়িতে ফোন করে খবর দেন।
তুহিনের মামা আরও বলেন, ২ বছর ৪ মাস আগে তুহিন মালয়েশিয়া যায়। গ্রামের বাড়িতে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ দুই শিশুসন্তান এবং পিতামাতা রয়েছে। নিহত শামীমের পিতা একজন ভ্যানচালক। তাঁরা এনজিও সহ বিভিন্ন স্থানে ধারকর্জ করে প্রবাসে যায়। রোববার মালয়েশিয়ায় ছুটি থাকলেও তাঁরা ওভারটাইম করছিলেন। মালয়েশিয়ান পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে। দূর্ঘটনায় গাড়ীর চালক ও মোটরসাইকেল আরোহী অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
তুহিনের দুল্ভাাই স্থানীয় সংবাদকর্মী শাহীন আলম বলেন, খবর পেয়ে তিনি দুই বাড়িতে যান। বাড়ি দুটিতে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
সংশ্লিস্ট ই্উপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন,সন্ধ্যা ৬টার দিকে খবর পাবার পর তিনি দুই পরিবারের খোঁজ নিয়ে ঘটনা নিশ্চিত হয়েছেন। সংশ্লিস্ট গ্রাম পুলিশ শফিকুল ইসলাম(২)বলেন,ঘটনা জানার পর তিনি দুই পরিবারের খোঁজ নিয়েছেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন, রোববার দুপুরে মালয়েশিয়ায় গোমস্তাপুরের দুই বাসিন্দা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।