গাজায় চলমান গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। শুক্রবার (২৯ আগস্ট) সংসদের এক বিশেষ অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “দুই বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ অবস্থায় আমরা ইসরাইলের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। তুরস্কের আকাশসীমা ইসরাইলি বিমানের জন্য বন্ধ থাকবে এবং আমাদের কোনো জাহাজ তাদের বন্দরে ভিড়তে পারবে না।”
এর আগে ২০২৩ সালের মে মাসে ইসরাইলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। সে সময় আঙ্কারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছিল। ২০২৩ সালে দুই দেশের মধ্যে প্রায় ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।
তুরস্কের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরাইলের আগ্রাসন থামাতে আঙ্কারার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।
কীওয়ার্ডসঃ তুরস্ক ইসরাইল সম্পর্ক ছিন্ন,গাজা যুদ্ধবিরতি দাবি,আকাশসীমা বন্ধ তুরস্ক,তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান,ইসরাইলের বিরুদ্ধে তুরস্কের নিষেধাজ্ঞা