মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ককে অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট আপিল আদালত। আদালত জানিয়েছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে শুল্ক আরোপের এখতিয়ার প্রেসিডেন্টের নেই, এটি কেবল কংগ্রেসের ক্ষমতার মধ্যে পড়ে।
সাত-চার ভোটে দেওয়া রায়ে বলা হয়, ট্রাম্পের যুক্তি আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এসব শুল্ক ‘অবৈধ ও আইনের পরিপন্থী’। যদিও রায়টি তাৎক্ষণিক কার্যকর হবে না, আগামী ১৪ অক্টোবর মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
রায়ের পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প দাবি করেছেন, এই রায় বহাল থাকলে যুক্তরাষ্ট্র ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়বে। হোয়াইট হাউসের আইনজীবীরাও সতর্ক করেছেন, শুল্ক বাতিল হলে তা জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
এখন দৃষ্টি সুপ্রিম কোর্টের দিকে, যেখানে নয়জন বিচারপতি সিদ্ধান্ত নেবেন—ট্রাম্পের শুল্কনীতি বৈধ কিনা। সেখানে রিপাবলিকান বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় মামলার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক প্রভাবও বড় ভূমিকা রাখতে পারে।
কীওয়ার্ডস: ট্রাম্প শুল্কনীতি রায়,মার্কিন আপিল আদালত খবর,সুপ্রিম কোর্টে ট্রাম্প মামলা,যুক্তরাষ্ট্র বাণিজ্য শুল্ক,ট্রাম্প প্রেসিডেন্ট অর্থনীতি