বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • ব্যস্ততা কমেনি বুঝি ?
  • ২০২৫-০৮-২৩ ০৯:৫৬:২৪

ইদানিং তোমাকে ভীষণ ব্যস্ত মনে হয়
টেবিলে অবিন্যস্ত খাতা ও কলম পড়ে আছে
অর্ধেক লেখা কবিতা চোখ রাঙাচ্ছে তোমাকে
আবার চোখের কোলে জমেছে রাত জাগা ক্লান্তি --
যেন শব্দের ভিড়ে হারিয়ে ফেলেছো আমার নাম।

একটা সময় ছিলো,
কবিতার আড়ালেই খুঁজে নিতে আমার হাসি,
সেই সব সুমিত আখর অনাহুত অতিথির মতো
তোমার দরজায় দাঁড়িয়ে থাকে এখন।

ভাবি, এত কাজের ভিড়ে কি তোমার ভেতরে
একটুখানি ফাঁকা জায়গাও নেই ?
যেখানে বসে নিঃশব্দে উচ্চারণ করবে আমার নাম
অথবা চোখের কোণে জমে থাকা মেঘ
ছুঁয়ে দেবে আলতো করে।

ব্যস্ততা কমেনি বুঝি কবি, তবু অপেক্ষা করি --
যে একদিন আমার জন্য কবিতা লিখেছিল,
হাজার ব্যস্ততার ভিড়েও সে
এক কণা চাঁদের আলোকে উপমা করে
আমার নামে লিখবে আর একটা নতুন কবিতা। 


এ জাতীয় আরো খবর