আজ (মঙ্গলবার) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আউশকান্দি-রাণীগঞ্জ সড়কের নলজোর নদীর ওপরে নির্মিত বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে ট্রাক চালক ও সহকারির মৃত্যু হয়েছে। বিকেলে সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার ইছগাঁও নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিমেন্ট নিয়ে আসা ট্রাকটি বেইলি ব্রিজ পাড় হচ্ছিল। এসময় ব্রিজটি ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য এবং ডুবুরিরা চালক ও চালকের সহকারীকে উদ্ধারে নদীতে কাজ শুরু করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, ট্রাক টি সিমেন্ট নিয়ে ঢাকা থেকে জগন্নাথপুরে আসার পথে অতিরিক্ত পণ্য বহনের কারণে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়। পরে ট্রাকের চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে।