মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

জম্মু ও কাশ্মীরে মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যা: অন্তত ৪৬ নিহত, নিখোঁজ শতাধিক

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১৫ ০৯:৩৩:০৯
ছবি: সংগৃহীত।

ভারতের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কিশতোয়ার জেলার চাশোটি এলাকায় ঘটে যাওয়া এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন প্রায় ১০০ জন এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মৃতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) দুই সদস্যও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে নেমে আসা ভয়াবহ বন্যার স্রোত নিচু এলাকা ভাসিয়ে দিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রামগুলো। পিটিআই জানিয়েছে, এখনও পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
মেঘভাঙা বৃষ্টির জেরে পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা হড়পা বানে একের পর এক গ্রাম ধ্বংস হয়ে গেছে। চাশোটি গ্রামের কাছে মচৈল মাতা মন্দিরের নিকট মৃতদের দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এখনও প্রায় ২০০ জন নিখোঁজ এবং ৩৮ জনের অবস্থা গুরুতর। উদ্ধারে ৩০০-এরও বেশি সেনা সদস্য কাজ করছে এবং রাতভর অভিযান চলছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা স্বাধীনতা দিবস উপলক্ষে সব সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছেন।
চাশোটি গ্রামের দুর্গম অবস্থান এবং বার্ষিক ‘মাতা চণ্ডী’ তীর্থযাত্রার জন্য জমায়েত হওয়া বহু মানুষ বন্যার কবলে পড়েছেন। মেঘ বিস্ফোরণের কারণে এবারের তীর্থযাত্রা স্থগিত করা হয়েছে।
মেঘ বিস্ফোরণ সাধারণত ছোট এলাকায় (১-১০ কিমি) এক ঘণ্টায় ১০ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে ঘটে। এর ফলে পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড ও ভূমিধস হতে পারে, যা ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি উত্তরাখণ্ডের উত্তরকাশীতেও এমন এক বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল।

কীওয়ার্ডস:
জম্মু কাশ্মীর বন্যা, মেঘ বিস্ফোরণ ভারত, কিশতোয়ার দুর্ঘটনা, হড়পা বান ২০২৫, তীর্থযাত্রা স্থগিত


এ জাতীয় আরো খবর