ডাকসুর সাবেক ভিপি, কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপার্সন, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্বশিক্ষক ফেডারেশনের সভাপতি, নারীনেত্রী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক যুক্ত বিবৃতিতে বলেন, পাকিস্তান আমলের প্রতিকূল সময়ে তিনি ডাকসু নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের মনোনীত প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হন। তিনি ছিলেন এখন পর্যন্ত একমাত্র নারী যিনি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। তারা বলেন, ষাটের দশকের সামরিক স্বৈরশাসন বিরোধী লড়াই থেকে শুরু করে বাংলাদেশের নারীর অধিকার আদায়ের লড়াই সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক আন্দোলনে তিনি যে ভূমিকা রেখেছেন বাংলাদেশের মানুষ তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। উদীচী নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়।