বলতে পারো, রাখী কি শুধুই ভাইয়ের? কেন বোনের হবেনা?
'সমাজ' তুমি আলো নাও, আলো-ই তোমার পথ ও চেতনা।
সুরক্ষা যদি পেতেই হয় ভাই বোন উভয়ে-ই পাক।
নইলে হে-প্রথা, হে-রেওয়াজ, তুমি মানুষের গুরুপাক।
হে মাননীয় সমাজ তোমার কাছে 'আলো'র প্রশ্ন-
সুরক্ষা আসলে কাদের প্রয়োজন?
সমাজে কারা নির্যাতনের স্বীকার?
কারা নিপীড়িত?
রোজ সকালে সংবাদ পত্র খুললেই তুমি তো দেখছ বহুল পরিচিত হেডিং--
"খোলা রাস্তার পাশে গণধর্ষিতার
মৃদদেহ উদ্ধার",
" বন্ধ ঘরে ঝুলন্ত গৃহবধূ"
"কন্যাকে ধর্ষণ করল পিতা"
টিভি নিউজে দেখছ-
"আস্তাকুঁড়েয় মিলল সদ্যজাত শিশুকন্যা"
"পুলিশের ফাঁদে চার মেয়ে-পাচারকারী"
"শিশুকন্যাকে শ্বাস রোধ করে হত্যা, অপরাধী পলাতক।"
"মন্দিরের পিছনে মিলল যোনিতে রড ঢোকানো মৃতদেহ"
রোজ রোজ মা বোন দিদি হচ্ছে যে লাঞ্ছিত
হে 'দায়ী সমাজ' তাদের জন্য কতটুকু লজ্জিত?
সকালে নিউজপেপার খুলে পার্শ্ববর্তী কাউকে কন্যাভ্রূণ হত্যার খবর দেখিয়ে বলো- দেখেছ কী কান্ড, ছিঃছিঃ ছিঃছিঃ।
আর তার পরেই ছেলে সুরক্ষার উৎসব তথা রাখী বন্ধন অথবা ভ্রাতৃদ্বিতীয়া করছ মহা উৎসাহে
'ছেলে'কে সুরক্ষা দিচ্ছে 'মেয়ে', যারা নাকী নিজেরাই অ-সুরক্ষিত নির্দিষ্ট সংখ্যাবদ্ধ পুরুষের কাছে।
বড় হাসি পায়।
হে মাননীয় সমাজ তুমি যদি উল্টোপথে চলো স্ত্রীজাতি সঠিক মর্যাদা কখনোই পাবে না।
বলতে পারো একা একটি মেয়ে নির্জনে কতটা নিরাপদ?
আজ অবধি ঘরের মেয়ের সুরক্ষার জন্য কি কি উৎসব করেছ?
সব জেনেশুনে "যা হচ্ছে হোক, আমার কি?"- এই ধ্যানে ভঙ্গ দিলে বুঝতে ভাইয়ের চেয়ে বেশি প্রয়োজন বোনের রক্ষা বন্ধন ।