রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

জুলাই ঘোষণাপত্রে বিএনপি-জামায়াতের ভিন্ন সুর: একপক্ষের আশাবাদ,অন্যপক্ষের হতাশা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৬ ১৪:৪৯:২৩
ছবি সংগৃহিত

জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর দেশের প্রধান দুই বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী বিপরীত প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপি যেখানে ঘোষণাপত্রকে ‘নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ হিসেবে স্বাগত জানিয়েছে, সেখানে জামায়াত হতাশা প্রকাশ করে বলেছে—‘জাতির প্রত্যাশা পূরণ হয়নি।’
বুধবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই ঘোষণাপত্র অঙ্গীকার পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া এগিয়ে নেবে।”
তিনি আরও উল্লেখ করেন, ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচন রাজনৈতিক অচলাবস্থা দূর করবে। তাঁর মতে, নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হবে এবং রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন হবে।
বিএনপি মহাসচিব প্রতিক্রিয়ায় বলেন, “কিছু রাজনৈতিক দলের তাৎক্ষণিক অসন্তোষ থাকলেও আমরা আশা করি তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে এবং গণতন্ত্রের পথ আরও সুদৃঢ় করবে।”
অন্যদিকে, জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ তাহের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, “জুলাই ঘোষণাপত্র জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।”
তিনি জানান, ঘোষণাপত্রে শহীদ পরিবার, আহত ও পঙ্গু আন্দোলনকারীদের জন্য কোনো স্পষ্ট নির্দেশনা বা রাষ্ট্রীয় স্বীকৃতির উল্লেখ নেই। এছাড়া, ঘোষণাপত্র বাস্তবায়নের সময়সীমা অস্পষ্ট হওয়ায় জনগণের মধ্যে আরও প্রশ্ন তৈরি হয়েছে।
ডা. তাহের আরও দাবি করেন, “এই ঘোষণাপত্রের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা দরকার ছিল। স্পষ্ট রোডম্যাপ ছাড়া এটি কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ।”
জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ভিন্নমুখী প্রতিক্রিয়া দেখা দিলেও, পর্যবেক্ষকরা মনে করছেন এটি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন নজর থাকবে ঘোষণাপত্রের বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর।

কীওয়ার্ডস: জুলাই ঘোষণাপত্র, বিএনপি প্রতিক্রিয়া, জামায়াতের হতাশা, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার, জাতীয় নির্বাচন ২০২৬


এ জাতীয় আরো খবর