বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে সিডনি হারবার ব্রিজে বিক্ষোভ,অংশ নিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০৪ ১৩:০০:৪৪
ছবি সংগৃহিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধ ও অবরুদ্ধ এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করার দাবিতে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে হাজারো মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করেছেন। রবিবার (৩ আগস্ট) প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভকারীরা ব্রিজ পেরিয়ে দীর্ঘ মিছিল করেন।
‘মার্চ ফর হিউম্যানিটি’ ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও। মানবিক সংকট তুলে ধরতে কয়েকজন বিক্ষোভকারী ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি-পাতিল বহন করেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা গাজার পক্ষে শ্লোগান দেন এবং যুদ্ধবিরতির দাবি জানান।
বিক্ষোভ চলাকালে পুলিশ ব্রিজে মিছিল থামানোর চেষ্টা করলেও, নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্ট আগের দিন রায় দিয়ে অনুমতি দেয় মিছিল চালিয়ে যাওয়ার। ফলে নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য মোতায়েন থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল সম্পন্ন করেন।
নিউ সাউথ ওয়েলস পুলিশ বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে জানায়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সময়ে মেলবোর্নেও ফিলিস্তিনের পক্ষে অনুরূপ বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে ব্যাপক পুলিশ উপস্থিতি লক্ষ্য করা যায়।
অন্যদিকে, একই দিনে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গাভির এক বিতর্কিত মন্তব্য করেন। জেরুজালেমে এক অনুষ্ঠানে তিনি বলেন, “গাজা দখল করে সেখানে ইসরাইলের সম্পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে।” তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
সিডনির বিক্ষোভকারীরা গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছানো এবং যুদ্ধবিরতি কার্যকর করা জরুরি।

কীওয়ার্ডস: গাজা যুদ্ধবিরতি দাবি, সিডনি হারবার ব্রিজ বিক্ষোভ, জুলিয়ান অ্যাসাঞ্জ ফিলিস্তিন, অস্ট্রেলিয়ায় ফিলিস্তিন সংহতি মিছিল, ইসরাইলি মন্ত্রীর বিতর্কিত মন্তব্য


এ জাতীয় আরো খবর