রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মন্টানায় বার হামলায় ৪ জন নিহত,সাবেক সেনা সন্দেহভাজন

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০২ ১৩:০১:০৯
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের অ্যানাকোন্ডা শহরে একটি বারে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ‘দ্য আউল বার’-এ এ ঘটনা ঘটে। হামলার পর সন্দেহভাজনকে ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ।
মন্টানা ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন জানিয়েছে, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন বার অ্যাটেন্ডার ও তিনজন পৃষ্ঠপোষক রয়েছেন। হামলার পর সন্দেহভাজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের দাবি, হামলাকারী ৪৫ বছর বয়সি সাবেক মার্কিন সেনা মাইকেল পল ব্রাউন। বারের মালিক ডেভিড গোয়ার্ডারের মতে, ব্রাউন বারের পাশেই বসবাস করতেন এবং বারে থাকা সবাইকে চিনতেন। তিনি বলেন, “আমি গ্যারান্টি দিচ্ছি, তার কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। আমার ধারণা, সে হয়তো কিছু একটা চুরি করেছে।”
মন্টানার সিনেটর স্টিভ ডেইনস জানিয়েছেন, ড্রোনের সাহায্যে ব্রাউনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। সর্বশেষ তাকে অ্যানাকোন্ডার পশ্চিমে স্টাম্প টাউন এলাকায় দেখা গেছে। পুলিশ জানিয়েছে, তাকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অ্যানাকোন্ডা-ডিয়ার লজ কাউন্টি আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, ব্রাউনকে কেউ দেখলে তার কাছে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকতে ও দরজা-জানালা সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও ফেডারেল সংস্থার যৌথ অভিযান চলছে এবং যে কোনো তথ্য পেলে তা দ্রুত জানাতে অনুরোধ জানানো হয়েছে।

কীওয়ার্ডস: মন্টানা বার হামলা, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, সাবেক সেনা হামলাকারী, মাইকেল পল ব্রাউন, অ্যানাকোন্ডা শুটিং


এ জাতীয় আরো খবর