সোমবার, মে ২৫, ২০২৬

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পদক্ষেপে এরদোগানের স্বাগত,ইউরোপে সমর্থনের ঢেউ

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৮-০১ ১৩:৫০:১২
ফাইল ছবি

ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ধারাবাহিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এ খবর প্রকাশ করেছে।
এরদোগান বলেছেন, “ইউরোপ থেকে, বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেন থেকে আসা সাম্প্রতিক মানবিক প্রতিক্রিয়াগুলো অত্যন্ত মূল্যবান। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।”
তিনি আরও যোগ করেন, “গাজায় নৃশংসতার মুখে কেউ চুপ থাকতে পারে না। শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে, খাদ্যের সন্ধানে থাকা বেসামরিক মানুষদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মানবিক ন্যায়ের পক্ষে দাঁড়ানোই একমাত্র পথ।”
ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বশেষ পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় সম্পন্ন হতে পারে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইতিমধ্যে সেপ্টেম্বরে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইসরাইল নির্দিষ্ট শর্ত পূরণে ব্যর্থ হলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, গাজায় মানুষের দুর্দশা অসহনীয় এবং দ্রুত অবনতির দিকে যাচ্ছে। তিনি জানান, কানাডা সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। তবে এই স্বীকৃতি নির্ভর করবে-
ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসনব্যবস্থায় মৌলিক সংস্কার,
হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালের সাধারণ নির্বাচনের আয়োজন,
এবং ভূখণ্ড নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি।

জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ইতোমধ্যে প্রায় ১৫০ দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের সাম্প্রতিক পদক্ষেপ এবং এরদোগানের সমর্থন ইঙ্গিত দিচ্ছে, ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

কীওয়ার্ডস:ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি সংবাদ, এরদোগান ফিলিস্তিন সমর্থন, ইউরোপের ফিলিস্তিন নীতি, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৫, গাজা মানবিক সংকট


এ জাতীয় আরো খবর