রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

বিনা অনুমতিতে অনুপস্থিতি: গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের ৬ কর্মকর্তাকে বরখাস্ত

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩০ ২৩:৪৯:৪৫

কর্মস্থলে দীর্ঘ সময় বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের এক সহকারী স্থপতিকে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরখাস্ত কর্মকর্তারা হলেন-গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মনিরুজ্জামান মনি, আবদুল্লা আল মামুন, মোছা. রাহানুমা তাজনীন, নির্বাহী প্রকৌশলী ফারহানা আহমেদ, সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম এবং স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলাম।
বিভাগীয় মামলার তদন্তে প্রমাণিত হয় যে, ছুটির মেয়াদ শেষ হওয়ার পর তারা কেউই যথাসময়ে কর্মস্থলে যোগদান করেননি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪-এর উপবিধি ৩(ঘ) অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এবং সরকারি কর্ম কমিশনের মতামতের ভিত্তিতে বরখাস্তের আদেশ জারি করা হয়।
মনিরুজ্জামান মনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল প্রোগ্রামে অংশ নিয়ে ৩১ আগস্ট ২০২৩-এ প্রেষণ শেষে ফিরে না এসে ২১ এপ্রিল ২০২৫ তারিখে বরখাস্ত হন।
আবদুল্লা আল মামুন পিএইচডি শেষে ১ জানুয়ারি ২০২৩ থেকে অনুপস্থিত থেকে ১৫ মে ২০২৫ তারিখে বরখাস্ত হন।
রাহানুমা তাজনীন ৩১ জুলাই ২০২৩-এর পর ফেরত না আসায় ২ জুলাই ২০২৫ তারিখে বরখাস্ত হন।
ফারহানা আহমেদ ২৪ সেপ্টেম্বর ২০২২-এর পর বিনা অনুমতিতে অনুপস্থিত থেকে ৮ জুলাই ২০২৫ তারিখে বরখাস্ত হন।
মফিজুল ইসলাম ১৮ ডিসেম্বর ২০২৪-এর পর ফেরত না আসায় ২৭ জুলাই ২০২৫ তারিখে বরখাস্ত হন।
শিরাজী তারিকুল ইসলাম ১২ মে ২০২২ থেকে অনুপস্থিত থাকায় ২১ মে ২০২৫ তারিখে বরখাস্ত হন।
মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি দায়িত্বে অবহেলা ও বিনা অনুমতিতে দীর্ঘ অনুপস্থিতি সরকারি চাকরির শৃঙ্খলার পরিপন্থী। এজন্য শাস্তিমূলক এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

: গণপূর্তঅধিদপ্তর, প্রকৌশলীবরখাস্ত, সরকারিকর্মচারীশৃঙ্খলা, স্থাপত্যঅধিদপ্তর, BangladeshGovernment


এ জাতীয় আরো খবর