বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সারা দেশে গ্রেপ্তার অভিযানে কারাগারে বন্দী সংকট তীব্র,ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৭-৩০ ১৫:৩২:০৬
ছবি সংগৃহিত

আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা, গুম, হামলাসহ নানান মামলার আসামিদের বিরুদ্ধে শুরু হওয়া গ্রেপ্তার অভিযানে দেশের কারাগারগুলোতে ভয়াবহ বন্দী সংকট দেখা দিয়েছে। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে এক থেকে দেড় হাজার আসামি গ্রেপ্তার হচ্ছে, যার ফলে কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী ঠাসাঠাসি করে থাকতে বাধ্য হচ্ছে।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৭০টি কারাগারের ধারণক্ষমতা ৪৩ হাজার ১৫৭ জন হলেও ১ জুলাই পর্যন্ত বন্দীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ১০৫ জন। সবচেয়ে সংকটময় পরিস্থিতি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে, যেখানে ৪ হাজার ৫৯০ জনের জায়গায় ৭ হাজার ৯৮৭ জন বন্দী রয়েছে।

বিভাগভিত্তিক চিত্র
ঢাকা বিভাগে ১৮টি কারাগারের ধারণক্ষমতা ১৩ হাজার ৫৮২ জন, কিন্তু বন্দী রয়েছে ২৫ হাজার ৫৯৮ জন।
চট্টগ্রাম বিভাগে ১১টি কারাগারের ধারণক্ষমতা ৬ হাজার ৯৫০ হলেও বন্দী ১৪ হাজার ৬৭২ জন।
রাজশাহী বিভাগে ৪ হাজার ১৭৯ ধারণক্ষমতায় বন্দী ৯ হাজার ২২৭ জন।
বরিশাল বিভাগে ১ হাজার ৯১৩ ধারণক্ষমতায় বন্দী ২ হাজার ৯১৩ জন।
ময়মনসিংহ বিভাগে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছে (১ হাজার ৮০৩ ধারণক্ষমতায় ৪ হাজার)।

অন্যান্য বিভাগেও একইভাবে ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে বন্দীর সংখ্যা।

শেখ হাসিনা সরকারের পতনের পর শতাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, বিচারপতি, সেনা ও নৌ কর্মকর্তা, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গেও জেল ভরছে। বর্তমানে ১৮ হাজার ৪২৬ জন সাজাপ্রাপ্ত বন্দী রয়েছে, যার মধ্যে ২ হাজার ৬০২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। যুদ্ধাপরাধী ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্যরাও কারাগারে আছে।
বন্দীদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় রোগবালাই বাড়ছে। স্ক্যাবিস, হাড়ক্ষয়, হার্টের রোগসহ নানা জটিলতায় ভুগছে বন্দীরা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. মেহেদী হাসান জানিয়েছেন, ত্বকের রোগই সবচেয়ে বেশি ছড়াচ্ছে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ বলেন, আদালতের নির্দেশেই বন্দীদের রাখা হচ্ছে। অনেক কারাগারে ধারণক্ষমতা ছাড়ালেও কয়েকটি কারাগারে তুলনামূলকভাবে চাপ কম রয়েছে।
কারাগারের ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী থাকার ফলে স্বাস্থ্যঝুঁকি ও ব্যবস্থাপনার চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান গ্রেপ্তার অভিযানের প্রেক্ষিতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

কীওয়ার্ডস:
কারাগারসংকট গ্রেপ্তারঅভিযান বাংলাদেশনিউজ AwamiLeague JailOvercrowding


এ জাতীয় আরো খবর