বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

১৯৭১ এর গণহত্যার সঙ্গে ২০২৪ এর সহিংসতার তুলনা ‘ঠিক নয়’-জেড আই খান পান্না

  • সকালের আলো ডেস্ক
  • ২০২৫-০৭-২৯ ২১:০২:২২
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের (আসক) চেয়ারপার্সন জেড আই খান পান্না ২০২৪ সালের সহিংসতার সঙ্গে ১৯৭১ সালের গণহত্যার তুলনা করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
জেড আই খান পান্না স্ট্যাটাসে লেখেন, “দুঃখিত, আসিফ নজরুল, একাত্তরের গণহত্যার সঙ্গে চব্বিশের তুলনা ঠিক না। একাত্তর হয়ত আপনি দেখেন নাই।”
তার এ মন্তব্য আসে আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে।
এর আগে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, “শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করেনি।”
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের সহিংসতায় মৃতদেহ পুড়িয়ে ফেলা ও আহতদের গুলি করার মতো নৃশংসতা দেখা গেছে, যা তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কোনো বর্ণনায় পাননি।
তবে অনুষ্ঠান শেষে এক ফেসবুক পোস্টে তিনি নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, “শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে একাত্তরে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা উচিত হয়নি। দুটোই জঘন্য অপরাধ, তবে কেউ যদি মনে করেন আমি একাত্তরের গণহত্যাকে খাটো করেছি, তাদের কাছে ক্ষমা চাইছি।”
জেড আই খান পান্না দীর্ঘদিন ধরে মানবাধিকার, দুর্নীতিবিরোধী লড়াই ও বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে সোচ্চার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পক্ষে আইনি সহায়তা দিয়েছেন। জুলাইয়ের আন্দোলনেও তিনি শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানান। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ নিয়ে তার সমালোচনামূলক অবস্থান লক্ষ্য করা গেছে।

কীওয়ার্ডসঃ
জেডআইখানপান্না আসিফনজরুল ২০২৪সহিংসতা একাত্তরেরগণহত্যা HumanRightsBangladesh


এ জাতীয় আরো খবর