মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চীনের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা: বেইজিংয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০,সরানো হলো ৮০ হাজার মানুষ

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-২৯ ২০:৪৭:৪২
ছবি সংগৃহিত

বেইজিং, ২৯ জুলাই: কয়েকদিনের টানা ভারী বর্ষণে চীনের রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে। বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নতুন করে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
বন্যায় প্রায় ১৩০টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সড়ক। এতে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হেলিকপ্টার ও নৌযানের মাধ্যমে উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি সেবা দল। আটকে পড়া বাসিন্দাদের পৌঁছাতে উদ্ধারকারীরা বুক-গভীর পানিতে হেঁটে কিংবা ভেসে এগোচ্ছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেইজিংয়ের শহরতলির মিয়ুন জেলা। এক প্রত্যক্ষদর্শী জানান, "সকালে চোখের সামনে গাড়ি ভেসে যেতে দেখেছি। কয়েক মিনিটের মধ্যে পানি সবকিছু ডুবিয়ে দেয়।"
একটি ঘটনায় ক্রলার ক্রেনের সাহায্যে আটকে পড়া মানুষ ও একটি পোষা কুকুরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বন্যার পানিতে ডুবে যাওয়া গাড়ি, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ ও ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর মধ্যে কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। বাস্তুচ্যুত মানুষদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও ত্রাণ সহায়তা ব্যবস্থা করা হয়েছে।
২০১২ সালের জুলাইয়ের পর এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা বলে মনে করা হচ্ছে। সেই সময়ের বন্যায় ৭৯ জনের মৃত্যু হয়েছিল। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।
মৌসুমী বৃষ্টির তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে বলে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা দিয়েছে। কর্তৃপক্ষ সকলকে নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানিয়েছে।

কীওয়ার্ডস:
চীনবন্যা BeijingFloods মিয়ুনজেলা FloodRescueChina শিজিনপিং


এ জাতীয় আরো খবর