মঙ্গলবার, মে ২৬, ২০২৬

নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত ৪, বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম প্রাণ হারালেন

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-২৯ ১৪:১৯:৪৯
ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন। নিহতদের মধ্যে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একজন কর্মকর্তা রয়েছেন, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত বলে নিশ্চিত করেছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।
স্থানীয় সময় মঙ্গলবার মিডটাউনের একটি বহুতল ভবনে এ গুলির ঘটনা ঘটে। হামলায় মোট পাঁচজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে চারজন মারা গেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে জানান, নিহত পুলিশ সদস্য তিন বছরেরও বেশি সময় ধরে এনওয়াইপিডিতে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী, যাকে মেয়র ‘অফিসার ইসলাম’ বলে উল্লেখ করেন।
পুলিশ কমিশনার জেসিকা টিশ আনুষ্ঠানিকভাবে নিহত কর্মকর্তার পরিচয় প্রকাশ করে জানান, তার নাম দিদারুল ইসলাম। তিনি বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে। এছাড়া, তার স্ত্রী শিগগিরই তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।
কমিশনার টিশ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা তাকে যে কাজটি করতে বলেছিলাম, তিনি সেটিই করছিলেন। কর্তব্যরত অবস্থায় তিনি চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন।”
পুলিশ জানায়, অভিযুক্ত বন্দুকধারী ঘটনাস্থলেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে হামলার কারণ জানা না গেলেও তদন্ত চলছে।
মেয়র অ্যাডামস নিহত অফিসার দিদারুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “তিনি ছিলেন সাহসী এক অভিবাসী আমেরিকান, যিনি এই শহরের নিরাপত্তার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন।”
এই মর্মান্তিক ঘটনার পর নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গভীর তদন্ত চালাচ্ছে।

সূত্র: বিবিসি


এ জাতীয় আরো খবর