সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩,আহত অন্তত ১৫

  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৫-০৭-২৪ ১২:৫২:০৯
ছবি সংগৃহিত

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে আবুল হোসেন পেট্রল পাম্পের পাশে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ফরিদপুর থেকে মধুখালীগামী লোকাল রিক পরিবহনের দুটি বাস করিমপুর হোসেন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ক্রসিংয়ের সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের তিনজন যাত্রী প্রাণ হারান। আহত হন অন্তত ১৫ জন।
দুর্ঘটনার খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করি। নিহত তিনজনই লোকাল বাসের যাত্রী ছিলেন। তাদের নাম ও পরিচয় শনাক্তের কাজ চলছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত উভয় বাস জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের তৎপরতায় কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতি এবং চালকদের অসাবধানতাই এমন মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী।
উল্লেখ্য, দেশের মহাসড়কগুলোতে এ ধরনের সংঘর্ষ ও প্রাণহানি দিন দিন বাড়ছে, যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

 


এ জাতীয় আরো খবর