ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আচমকা পদত্যাগ করেছেন। সোমবার (২১ জুলাই) রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো এক চিঠিতে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, স্বাস্থ্যগত কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ধানখড়। চিঠিতে তিনি বলেন, “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি এখন স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগ দিতে চাই। তাই সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে উপরাষ্ট্রপতির পদ থেকে অবিলম্বে সরে দাঁড়াচ্ছি।”
চিঠিতে ধানখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “আমার দায়িত্বপালনের সময় প্রধানমন্ত্রী সবসময় সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন। আমি ভারতের ইতিহাসে এক যুগান্তকারী সময়ের সাক্ষী হতে পেরে গর্বিত।”
ধানখড় আরও বলেন, “আমার মেয়াদকালে ভারতের অর্থনৈতিক বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক অগ্রযাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সেই পরিবর্তনের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।”
৭৪ বছর বয়সী জগদীপ ধনখড় ২০২২ সালের আগস্টে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
ভারতের সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দিতে পারেন। তাই অল্প সময়ের মধ্যেই নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণার সম্ভাবনা রয়েছে।
-ভারতের উপরাষ্ট্রপতি পদত্যাগ, জগদীপ ধনখড় পদত্যাগ, ধনখড় স্বাস্থ্যগত কারণ, ভারত রাজনৈতিক আপডেট, NDTV Jagdeep Dhankhar News