চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের নাচোল উপজেলায় বৃষ্টির পানি জমে থাকা সড়কের গর্তে সামনের চাকা পড়ে আমপাড়া শ্রমিকবাহী একটি ভটভটি উল্টে এর নীচে পড়ে ভটভটি চালক জুয়েল রানা(৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের অজগরা গ্রামের মৃত জায়গীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,মঙ্গলবার(১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নাচোলের নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি মোড় এলাকায় নাচোল থেকে আমনুরাগামী আঞ্চলিক সড়কে দূর্ঘটনাটি ঘটে। একই ঘটনায় ভটভটি থেকে ছিটকে পড়ে আহত হন ৬ আমপাড়া শ্রমিক। ফায়ার সার্ভিসের সাহায্যে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম বলেন, গোমস্তাপুর থেকে ৭/৮ জন আমপাড়া শ্রমিক নিয়ে রাজশাহীর কাঁকনহাট ললিতনগর এলাকায় আম পাড়তে যাবার পথে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে আহত জুয়েল রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে।