শুক্রবার, মে ১, ২০২৬

না জ মা বে গ ম না জু

  • নারী জীবনেও আসুক শুক্রবার
  • ২০২৫-০৭-১১ ২১:৫৬:৩১

 এক
ঠান্ডা আকাশ বিনম্র বাতাস ভাবুক পাহাড়ের মত
আমি আজ মুক্ত, আমি সম্রাট একচ্ছত্র সাম্রাজ্যে আমার --,
আজ শুক্রবার - 
আজ আমার ছুটির মহা উৎসব - 
আজ ডানা মেলবার 
আপন খেয়ালে উড়ে বেড়াবার দিন ,
হতে পারি শ্রমজীবি  অন্য আর সব দিনে,
এই শ্রমিকই মহারাজ আজ ছুটির সবুজ ভোরে।
আজ রাজাধিরাজ  আমি - 
আজ আমার পাখা মেলবার দিন।
 দুর হতে আরো অনেক অনেক দুরে  --
নতমুখী আকাশ মেলানো সমুদ্র কিনার  হতে, 
ঝোপ ঝাড় কাদামাটির নেপথ্য গহীন বুকে
হৃূদয় মেলাতে,  আজ কোন বাধা নেই 
সময়ের ঘেরাটেপ দিয়ে কেউ আর আটকাবে না আমাকে। 
আজ কোন সময়ের দাস নই আমি
আমি শ্রমিক নই - কারো দাস নই আজ । 
খুব নগন্য এক শ্রমজীবি  - 
তবু রাজার রাজা আমি আজ। 
আজ শুক্রবার, আজ ছুটি , 
 শুধু আমার একার দিন। 
 সবুজে গড়াব আপন খেয়ালে, 
কুমড়ো মাচান ঘেঁষে স্বজন কুঠীরে
বুক ভরে নেব শৈশব সুঘ্রান যত,  
পথে যেতে- দুপাশের বুনোঘাস ছুঁয়ে বলব মনের কথা - 
আটপোরে এলোমেলো যত কথা। 
বিকেল গড়ালে 
নদীজল কাঁপাব নিজেই মনের বাঁশিতে,  
মেঘের কিনার ছুঁয়ে হাঁটব একাই।
সবগুলো দিন হয়ত শ্রমজীবি 
হয়ত মেহনতী আমি,
আজ অবাধ স্বাধীনতার দিন,  ধন্য সে এক মহারাজ আমি --।
আমি অশেষ নীলের পাখি  শুধু আজ , 
আজ শুক্রবার  --,  আমার ছুটি 
ইচ্ছেমত ঘুরে বেড়াবার দিন
কেন নিষেধ মানব না কারো,  শুনব না অযুহাত 
লাল চোখে চেয়ে চাইবে কৈফিয়ত কার এমন বুকের পাটা আছে আজ। 
আকাশের মত অহংকারে ভরে আছে বুক 
পৃথিবীর প্রান্তর ঢেকে দেয়া সবুজের মত বিশালতাই এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। 
আমার আকাশ আমি নিজেই
সমুদ্রও আমি।

দুই
মহাবিশ্বের আর্তনাদ শোনো -,--পৃথিবী
এমন ছুটির দিন শুধু পুরুষের নয়
নারী জীবনেও আসুক শুক্রবার
পরম ছুটির লগন। 
উৎসব আনন্দ আয়োজন -
যন্ত্রণা নয় স্বস্তির সমারোহে আসুক।


এ জাতীয় আরো খবর