চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে এক কেজি চারশত পঁচাশি গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় শামীম হোসেন(৪৫) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০জুলাই) বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত শামীম জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলোনীপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলার বিবরণ এবং আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: আব্দুল ওয়াদুদ বলেন,২০২১ সালের ২৯ ডিসেম্বর শিবগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডের রসুলপুর মোড়ে সড়কের উপর র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৪৮৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন শামীম। এ ঘটনায় ওইদিন একমাত্র শামীমকে আসামী করে মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) হাফিজুর রহমান। ২০২২ সালের ২৬ জুন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক অপু কুমার একমাত্র শামীমকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন।
১৫ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে বৃহস্পতিবার আদালত শামীমকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. মাসুদ রানা।