চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি দমনে পরিচালিত বহুল আলোচিত ‘অপারশেন ঈগল হান্ট’ সম্পর্কিত একটি হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার মো.আসদুজ্জামানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার(৩ জুলাই) বিকালে শিবগঞ্জ অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে (আমলী) ওই মামলায় তাঁকে সন্দেভাজন আসামী হিসেবে ‘শ্যোন আ্যারেস্ট’(পূণরায় গ্রেপ্তার) দেখানোর এবং ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (আ্ইও) এবং শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল রেজা। শুনানী শেষে আদালত আসদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আবেদন এবং ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ২০১৭ সালের ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত জঙ্গি দমনে পুলিশের বিশেষায়িত ইউনিট সিটিটিসি (কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম),সোয়াট এবং জেলা পুলিশ সমন্বিতভাবে অপারেশন ঈগল হান্ট পরিচালনা করে। ওই অভিযানে নিহত হন আবুল কালাম আজাদ ওরফে আবু নামে এক ব্যাক্তি। পুলিশ তখন তাঁকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য হিসেবে চিহ্নিত করে। ২০২৪ সালের ৩ অক্টোবর ঘটনার প্রায় ৮ বছর পর অভিযানটিকে মিথ্যা এবং সাজানো অভিহিত করে শিবগঞ্জ থানায় তৎকালীন পুলিশ প্রধান(আইজি) শহীদুল হককে প্রধানসহ ১৮ জনের নামে হত্যাসহ দন্ডবিধির একাধিক ধারায় মামলা করেন নিহত আবুর স্ত্রী সুমাইয়া খাতুন।
মামলার তদন্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনার সময় আসাদুজ্জমান পুলিশের সিটিটিতি ইউনিটের এডিসি (অতিরিক্ত পুলিশ সুপার) হিসেব কর্মরত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওদুদ বলেন,আসাদুজ্জামান সর্বশেষ নোয়াখালিতে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। পরে নোয়াখালির সোনাইমুড়ি থানায় ২০ আগষ্ট ২০২৪ তারিখ দায়েরকৃত একটি হত্যা মামলায় ২০২৫ সালের ৯ মার্চ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নোয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়। এখন শিবগঞ্জে ২০১৭ সালে জঙ্গি দমনের নাটক সাজিয়ে হত্যার ঘটনায় দায়ের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আসামী পক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন,আসাদুজ্জমান এজাহারভুক্ত আসামী নন। তাঁকে প্রতিহিংসাবশত: আসামী করা হয়েছে।