মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

জা হা না রা বু লা

  • রুদ্ধদ্বার
  • ২০২৫-০৬-২৪ ০০:১৩:৪০

তোমাকে তীব্রভাবে পেতে চাওয়া'ই বুঝি  
তোমাকে দূরে নিয়ে গেল? 
এখন ঘরে একা, শুয়ে থেকে শুধু-
সিলিঙে আলোর ঢেউ গুনে দেখা। 

কখনো মধ্য প্রহরে একলা পথে বহুদূর হেঁটে যাই
মাথার চাদোয়ায় পরিচিত প্রেম বলক তোলে-
মিশে যায় প্রখর খরায়। 

পুড়ে যায় অভ্যন্তরের আকুল আকুতি
সোনা ঝরা স্মৃতি তাড়িয়ে নিয়ে চলে
তবুও বার-বার,  
তখন পথের দু'ধারে সবুজের ক্যানভাসে-
তোমার ছবিটি এঁকে যাই। 

এখন বুঝি না নিজের মন- 
বুঝি না হারিয়ে গেল কোন ভোর-
যদিও রাঙা সূর্য উঁকি দেয়-
আমার সূর্যমুখী হৃদয়ের পাপড়ির ভাজে। 

বহুদূর সোজাসুজি চলে গেছে পথ 
এই ব্লক-সেই ব্লক পার হয়ে চলছি একাই, 
হাত ধরে কথা বলে না প্রেম 
শুধু উর্ধশ্বাস ঘনিভূত হয় বুকের তলায়
ভালোবাসার বেদনারা আমাকে কুড়ে খায়। 

বুক ভরা আশা নিয়ে হেঁটে যাই তবু
মারখামের সেই পথ ধরে- 
তোমার ঘরের দ্বারে পৌঁছবো বলে
অথচ, ঠিকানা অজানা আমার। 

কি জানি কোথায় কোন ঘরে কার সাথে
নির্মান করে চলেছো শান্তির নীড়
সে ঘর চির অচেনা আমার, রুদ্ধও দ্বার
অনুপ্রবেশ চাই না আর বৃথাই।


এ জাতীয় আরো খবর