চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজাদের ছুরিকাঘাতে নজরুল ইসলাম(৫২) নামে এক কৃষিজীবী নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপরটোলা গ্রামের সিদ্দিক আলী বিশ^াস ওরফে গুদর হাজীর ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের অপর আপন ভাতিজা এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য সুজন আলী ওরফে সবুজ (৩৬)। তিনি একই গ্রামের মো: কালুর (ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য) ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শুক্রবার(১৩জুন) রাত ৮টার দিকে একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ধোপপুকুর গ্রামে নিহতের ভাই মো: আরাফাতের বাড়ির নিকট ঘটনাটি ঘটে। জমি নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আরাফাতের দুই ছেলে মো: আনাস(২৫) ও মো: আব্বাসের(৩০) ছুরিকাঘাতে পেটের দু’দিকে জখম হন নজরুল। অপরদিকে গলায় চাচাতো ভাইদের ছুরিকাঘাতে আহত হন সুজন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। ওসি আরও বলেন,সম্প্রতি ওই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে মীমাংসা বৈঠক হয়েছিল বলে শোনা গেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী বলেন,পরিবারটির মধ্যে জমি নিয়ে দ্বন্দ বহুদিনের। এনিয়ে পূর্বেও একটি হত্যাসহ একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। হতাহত এবং হত্যায় জড়িতরা পাশপাশি দুই গ্রামের বাসিন্দা।