মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ডরচেস্টারে ১৩ জুন সকালে ইউনূস-তারেক বৈঠক:এজেন্ডা নেই,আলোচনায় আসতে পারে দেশের রাজনীতি ও নির্বাচন

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৬-১১ ০০:২৮:৩২
ছবি সংগৃহিত

আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত একটি মুহূর্ত তৈরি হতে যাচ্ছে ১৩ জুন সকালে। যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচিত এই সাক্ষাৎ নিয়ে দেশি-বিদেশি রাজনৈতিক বিশ্লেষক মহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও জল্পনা-কল্পনা।
মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেন, ১৩ জুন শুক্রবার সকালে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে আলোচনার নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত নেই বলে জানান তিনি।
প্রেস সচিব বলেন, “তারেক রহমান বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের (বিএনপি) শীর্ষ নেতা, আর অধ্যাপক ইউনূস বর্তমানে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দুইজনের এই বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় নির্বাচন, কিংবা আলোচিত 'জুলাই চার্টার'-এর মতো বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা হতে পারে।”
এ সময় শফিকুল আলম আরও বলেন, “এই বৈঠকটি আসলেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু উনারা (ড. ইউনূস ও তারেক রহমান) কী বিষয়ে আলোচনা করবেন, সেটা পুরোপুরি তাদের উপর নির্ভর করছে। সরকারিভাবে কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি নির্ধারণ করা হয়নি।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লন্ডনের এই বৈঠক শুধু ব্যক্তিগত সৌজন্য নয়—বরং বাংলাদেশের আগামী রাজনীতির রূপরেখা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা, বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণ নিশ্চিতকরণ, এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটি গ্রহণযোগ্য গঠনপ্রক্রিয়া প্রতিষ্ঠার সম্ভাবনা থাকায় এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
উল্লেখ্য, ড. ইউনূস বর্তমানে চার দিনের সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন। এই সফরেই তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এর আগে তিনি এয়ারবাস ও মেনজিস এভিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্রিটিশ এমপিদের সঙ্গেও মতবিনিময় করেছেন।
তারেক রহমানও দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন এবং নির্বাসিত অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন। এই দুই প্রভাবশালী ব্যক্তির সরাসরি মুখোমুখি আলোচনা তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে।

 


এ জাতীয় আরো খবর