মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

লন্ডনে ড. ইউনূসের কূটনৈতিক তৎপরতা: ব্রিটিশ এমপিদের সঙ্গে বৈঠক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৬-১০ ২২:২৫:২১
ছবি সংগৃহিত

যুক্তরাজ্যে সরকারি সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১০ জুন) লন্ডনে ব্যস্ত কূটনৈতিক দিন অতিবাহিত করেছেন। ওই দিন সকালে স্থানীয় সময় ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর থেকেই শুরু হয় তার একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক।
লন্ডনে পৌঁছানোর পর দিনেই ব্রিটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (All Party Parliamentary Group - APPG)-এর অধীনে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতা এবং বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এছাড়া, একই দিনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের অন্যতম শীর্ষ বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। তারা বাংলাদেশে বিমান প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।
চার দিনের এই সরকারি সফরে ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং তার হাত থেকে সম্মানজনক ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ।
এ ছাড়া সফরসূচিতে রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা আরও অংশ নেবেন লন্ডনের বিখ্যাত নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজ আয়োজিত একটি উচ্চপর্যায়ের সংলাপে, যেখানে তিনি বাংলাদেশের গণতন্ত্র, অর্থনৈতিক পুনর্গঠন এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে বক্তব্য দেবেন।
সরকারি সফরের অংশ হিসেবে এই সফরকে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের নতুন এক মাত্রায় নিয়ে যাওয়ার কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, সফর শেষে তিনি আগামী ১৪ জুন দেশে ফিরবেন।

 


এ জাতীয় আরো খবর