মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

চার দিনের সফরে লন্ডন গেলেন প্রধান উপদেষ্টা,রাজা চার্লসের কাছ থেকে নেবেন আন্তর্জাতিক সম্মাননা

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৬-০৯ ১৯:১৬:৫৬
ছবি সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে সোমবার (৯ জুন) সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি ও তাঁর সফরসঙ্গীরা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সফরকালে প্রধান উপদেষ্টা লন্ডনে ব্রিটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। এ সময় রাজা চার্লসের কাছ থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি। বিশ্ব শান্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক উদ্ভাবনে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হবে।
সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতিসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া তিনি যুক্তরাজ্যের প্রখ্যাত নীতিনির্ধারণী সংস্থা চ্যাথাম হাউস আয়োজিত একটি বিশেষ সংলাপে অংশ নেবেন, যেখানে বিশ্বরাজনীতি, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য বিমোচনে উদ্ভাবনী কৌশল নিয়ে বক্তব্য দেবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, এই সফরে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থন অর্জনই হবে অন্যতম প্রধান উদ্দেশ্য। বিশেষত আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাব্য রূপরেখা উপস্থাপনেও এই সফরকে কাজে লাগানো হবে।
এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
চার দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

 


এ জাতীয় আরো খবর