বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় দু’জনের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-০২ ২০:০৪:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এবং শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়,সোমবার(২জুন) দুপুর এবং গত রোববার(১জুন) রাতে দূর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন- গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ফেকু মোহম্মদের ছেলে ও কৃষিকাজে জড়িত জাইদুল হক (৫৬) এবং শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের  মুসলিমুপর গ্রামের আইনাল হকের ছেলে ও অটোরিক্সা মেকানিক হযরত আলী(৩৫)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, সোমবার দুপুর সোয়া ২টার দিকে  রহনপুর থেকে বাঙ্গাবাড়ীগামী সড়কে বাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে জাইদুলের। ঘটনাস্থলে আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন,রোববার রাত সাড়ে ৮টার দিকে কয়লাবাড়ি ট্রাকস্ট্যান্ড এলাকায় সোনামসজিদ মহাসড়কে একটি  ব্যাটারিচালিত ভ্যানের সাথে বিপরিতগামী অপর একটি ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে একটি ভ্যানের চালক অটোরিক্সা মেকানিক হজরত আলী ঘটনাস্থলে আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

 


এ জাতীয় আরো খবর