মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আবারও সক্রিয় হতে যাচ্ছে রাশিয়া-ভারত-চীন ত্রয়ী:পশ্চিমাদের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার বার্তা মস্কোর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৫-৩০ ১৪:৪৭:৪৩
ফাইল ছবি

বিশ্ব রাজনীতির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের বার্তা দিয়ে রাশিয়া নতুন করে সক্রিয় করতে চায় রাশিয়া-ভারত-চীন (RIC) ত্রিপাক্ষিক ফোরাম। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক বক্তব্যে জানিয়েছেন, “এই ফরম্যাটের কার্যক্রম যত দ্রুত সম্ভব পুনরায় শুরু করার বিষয়ে আমরা আন্তরিকভাবে আগ্রহী।”
ইউরেশিয়ান অঞ্চলে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “রাশিয়া-ভারত-চীন এই ত্রয়ী কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফোরাম বহু বছর আগে রুশ কূটনীতিক ইয়েভগেনি প্রিমাকভের উদ্যোগে শুরু হয়েছিল এবং ইতোমধ্যে ২০ বারের বেশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।”
চীন-ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত উত্তেজনা বিরাজমান। তবে সাম্প্রতিক সময়ে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে বলে উল্লেখ করে ল্যাভরভ বলেন, “আমার জানামতে, দুই দেশের মধ্যে সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়া মনে করছে-এখনই সময় এই ত্রিপাক্ষিক প্ল্যাটফর্মকে পুনরুজ্জীবিত করার।”
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ভারতের অর্থনৈতিক উত্থান অনেকেরই দৃষ্টি আকর্ষণ করছে। এমন প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্ব-বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ-চায় চীন ও ভারতকে মুখোমুখি দাঁড় করাতে। কারণ, এশিয়ার নেতৃত্বে যদি বিভাজন থাকে, তাহলে তা সহজেই পশ্চিমাদের কৌশলগত কাজে আসে।”
ল্যাভরভের ভাষায়, “চীন ও ভারতকে সংঘাতে ঠেলে দিয়ে পশ্চিমারা শুধু এই দুই দেশেরই ক্ষতি করছে না, বরং গোটা ইউরেশিয়ান অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতেই আমাদের ঐক্য প্রয়োজন।”
বিশ্লেষকদের মতে, বিশ্বব্যবস্থার পরিবর্তিত প্রেক্ষাপটে RIC জোট আবার সক্রিয় হলে এটি কেবল তিনটি দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে না, বরং এটি এশিয়ায় এক ধরনের ‘আঞ্চলিক ভারসাম্য’ ফিরিয়ে আনতে সক্ষম হতে পারে।
বিশেষ করে ব্রিকস (BRICS) জোটে চীন, রাশিয়া ও ভারতের উপস্থিতি থাকলেও সেখানে বেশ কিছু আর্থিক ও ভূরাজনৈতিক স্বার্থের সংঘাত রয়েছে। তার বিপরীতে RIC জোটকে অনেক বেশি "আলোচনাভিত্তিক সমন্বয় প্ল্যাটফর্ম" হিসেবে দেখা হয়, যেখানে আঞ্চলিক শান্তি ও সমঝোতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
RIC-এর পুনরায় সক্রিয় হওয়া বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার মধ্যম শক্তির দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। অঞ্চলভিত্তিক স্থিতিশীলতা ও বহুপাক্ষিক সম্পর্ক রক্ষায় এ ধরনের উদ্যোগ দক্ষিণ এশিয়ার শান্তিপ্রয়াসকে উৎসাহিত করবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

 


এ জাতীয় আরো খবর