বুধবার, জুলাই ২৯, ২০২৬

শা হী ন রে জা

  • কবুতর বুক
  • ২০২৫-০৫-৩০ ০২:৫৬:০৮

কেঁপে ওঠে কবুতর বুক
একদিন অদৃশ্য থেকে ভেসে আসা ডাক 
আমাকেও সাথী নেবে ছায়াদের ভীড় 
এই আমি সহসা বিলীন হবো; কুয়াশার চর
আমাকে খুবলে খাবে নধর শেয়াল, শকুনের ঠোঁট
আমার আমিত্ব থেকে একটি সকাল হঠাৎ হাউই হবে, 
ঘাসবুকে হেঁটে যাবে সীমান্তের পথ
আমি গেলে কি এমন ক্ষতি হবে কার? 
শুধু নেই আমি নেই এই দাহ পোড়াবে আমাকে
আমি নেই, নেই কবিতায় মিছিলে আড্ডায় 
তোমার বুকের কাছে দু'চোখের মিলিত ধারায়
আমি নেই রাত জেগে খোলা ছাদে এলোমেলো হেঁটে যাবে গল্পের প্লট 
সবুজ সোনালী শীষে আলো রেখে মধু খাবে চৈত্র বিকাল, 
পানকৌড়ি জলে ডুবে যাবে অসহায় গঙ্গা ফড়িং
আমি নেই পৃথিবীর সব ফুলে এলেবেলে নেচে যাবে প্রজাপতি সুখ
শংকায় কেঁপে ওঠে বুক
এই আমি চলে যাবো, আঁধারে বিলীন হবে প্রিয়তম মুখ।


এ জাতীয় আরো খবর