যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি পার্কে স্থানীয় সময় সোমবার রাতে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেছে অন্তত দুই জনের। আহত হয়েছেন আরও অন্তত আটজন, যাদের মধ্যে কিশোরও রয়েছে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এ ঘটনার খবর নিশ্চিত করেছে স্থানীয় টেলিভিশন চ্যানেল ডাব্লিউপিভিআই, যা এবিসি নিউজের অংশীদার। হামলার ঘটনাটি ঘটে শহরের ফেয়ারমাউন্ট পার্ক এলাকায়, পপলার ড্রাইভের কাছে লেমন হিল ড্রাইভে।
পুলিশ জানায়, আহতদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক। গুলির ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীর খোঁজে অভিযান চালানো হচ্ছে।
এটি যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে ঘটে যাওয়া একাধিক বন্দুক হামলার মধ্যে সর্বশেষ ঘটনা। এর মাত্র একদিন আগে, রোববার রাতে সাউথ ক্যারোলাইনায় গুলিতে আহত হন অন্তত ১১ জন। তার আগের দিন শনিবার লস অ্যাঞ্জেলেসেও বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান দুই ব্যক্তি।
নানা আইন ও কড়া নজরদারি সত্ত্বেও যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে বন্দুক সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। নিরাপত্তা বাহিনী ও প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষের নিরাপত্তা এখনো নিশ্চিত করা যাচ্ছে না।
বিশ্লেষকদের মতে, দেশের ভেতরে অস্ত্রের অবাধ প্রবাহ এবং সহজে আগ্নেয়াস্ত্র সংগ্রহের সুযোগ এসব ঘটনার বড় কারণ। নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি জানিয়ে আসছে।