রবিবার, জুলাই ২৬, ২০২৬

হ্যানয়ে বিমান থেকে নামার আগে বিব্রতকর মুহূর্ত: ম্যাক্রোঁর মুখে স্ত্রী ব্রিজিটের ‘আঘাত’

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৫-২৭ ০০:৫৫:৩৮
ছবি সংগৃহিত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁর মধ্যে একটি অস্বাভাবিক মুহূর্ত এখন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছানোর পর বিমান থেকে নামার ঠিক আগে তাদের মধ্যে ঘটে যাওয়া এক ঘটনাই এখন চর্চার কেন্দ্রে।
রোববার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যায় হ্যানয় আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতির বিমান অবতরণের পরপরই একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানের দরজার কাছাকাছি দাঁড়িয়ে আছেন ম্যাক্রোঁ। তার দৃষ্টি স্থিরভাবে স্ত্রীর দিকে, যা পর্যবেক্ষকদের মতে ছিল কিছুটা রূঢ় ও উত্তেজনাপূর্ণ।
এরপর হঠাৎ করেই ব্রিজিটের হাত তার স্বামীর মুখের দিকে এগিয়ে আসে, যা অনেকটা আঘাত বা ধাক্কার মতো মনে হয়েছে। মুহূর্তটি বেশ সংক্ষিপ্ত হলেও প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ছিল বিস্ময়ভরা এবং খানিকটা অস্বস্তিকর।
এ ঘটনার পরও রাষ্ট্রপ্রধান ও ফার্স্ট লেডিকে একসঙ্গে বিমানের সিঁড়ি বেয়ে নামতে দেখা যায়। যদিও ঐ মুহূর্তে প্রেসিডেন্ট স্ত্রীকে সহযোগিতার জন্য হাত বাড়ালেও ব্রিজিট তা এড়িয়ে যান এবং সিঁড়ির রেলিং ধরে নামেন।
এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। অনেকেই ঘটনাটিকে ‘দাম্পত্য কলহের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করছেন।
প্রথমদিকে এলিসি প্যালেস (ফরাসি প্রেসিডেন্টের বাসভবন) এ ঘটনাকে ‘ভুয়া’ বলে দাবি করে। কিন্তু পরে ফরাসি গণমাধ্যম এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) থেকে লাইভ ফুটেজ যাচাই করে নিশ্চিত করা হয়, ঘটনাটি আসল এবং ভিডিওটিও সত্য।
ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারোকে দেয়া এক সূত্র জানায়, "ঘটনাটি ছিল দাম্পত্য মুহূর্তের একটি অভ্যন্তরীণ দৃশ্য। হ্যাঁ, সামান্য তর্ক হয়েছিল, কিন্তু সেটি ছিল ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ।"
ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিজিটের সম্পর্ক দীর্ঘদিন ধরেই গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র ১৫ বছর বয়সে ব্রিজিটের সঙ্গে প্রেমে জড়ান ম্যাক্রোঁ, যিনি তখন তার স্কুল শিক্ষিকা এবং তিন সন্তানের মা ছিলেন। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বর্তমানে এক সপ্তাহব্যাপী দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে রয়েছেন। ভিয়েতনামের পর তিনি ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সফর করবেন বলে জানানো হয়েছে।
এই ঘটনা তার কূটনৈতিক সফরের শুরুর দিনেই তাকে এবং তার দাম্পত্য সম্পর্ককে আন্তর্জাতিক দৃষ্টিতে নতুন আলোচনায় নিয়ে এসেছে।

 


এ জাতীয় আরো খবর