জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রধান রেলস্টেশনে এক নারীর ছুরি হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে হামবুর্গ পুলিশ। ঘটনার পরপরই ৩৯ বছর বয়সী সন্দেহভাজন নারী হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। জার্মান পুলিশ জানিয়েছে, ওই নারী কোনো প্রতিরোধ ছাড়াই নিজেকে পুলিশের হাতে তুলে দেন।
হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ বলেন, “বর্তমানে এই নারীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না বা তিনি মানসিক কোনো অসুস্থতায় ভুগছিলেন কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশের প্রাথমিক ধারণা, তিনি একাই এ হামলা চালিয়েছেন।
হ্যানোভার ফেডারেল পুলিশের এক মুখপাত্র জানান, রেলস্টেশনে থাকা যাত্রীদের লক্ষ্য করেই ওই নারী আচমকা ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। হামলার সময় রেলস্টেশনে ভিড় ছিল অনেক, ফলে তাৎক্ষণিকভাবে প্ল্যাটফর্মে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
হামলার পরপরই রেলস্টেশনের অন্তত চারটি প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি ডয়চে বান এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় তারা ‘গভীরভাবে শোকাহত’ এবং আহতদের পাশে রয়েছে। নিরাপত্তা জোরদার এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানানো হয়।
ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও হামলাকারীর মানসিক অবস্থা নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ।