মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৫-২৪ ০০:১৭:০২
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না। বিষয়টি নিয়ে মামলা করার পর আদালত এই নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে।
শুক্রবার (স্থানীয় সময়) বোস্টনের এক আদালত ট্রাম্প প্রশাসনের দেওয়া ভর্তিনিষেধাজ্ঞা আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন। আদালতের সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে হার্ভার্ড কর্তৃপক্ষ ও বিদেশি শিক্ষার্থীদের মাঝে।
এর আগে, বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন অভিযোগ তোলে যে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে তারা। একইসঙ্গে, অন্যান্য প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থীদের স্থানান্তরের পথও বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া, ইহুদিবিদ্বেষের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৬ কোটি মার্কিন ডলারের অনুদান বাতিল করে দেশটির স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুক্রবার সকালে আদালতের দ্বারস্থ হয় হার্ভার্ড কর্তৃপক্ষ। মামলায় তারা জানায়, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মার্কিন সংবিধান এবং ফেডারেল আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে বিশ্ববিদ্যালয় এবং এর ৭ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
হার্ভার্ড আরও দাবি করে, “এই সিদ্ধান্ত শুধু একটি নীতিগত ভুল নয়, বরং আমাদের ছাত্রসংঘের এক-চতুর্থাংশ মুছে ফেলার মতো ব্যাপার, যারা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
মামলার শুনানি শেষে বিচারক অ্যালিসন বুরোস অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি স্থগিত করেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কর্তৃক নিযুক্ত একজন বিচারক।
আপাতত স্থগিতাদেশের ফলে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে কোনো বাধা নেই। তবে পরবর্তী শুনানিতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানা গেছে।

 


এ জাতীয় আরো খবর