১০ মে ২০২৫
বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বরেণ্য সংগীতশিল্পী ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
তার কন্যা শারমিন আব্বাসী গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা যায়, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সংগীতের পাশাপাশি লেখালেখি ও গবেষণায় নিজের বিশেষ অবস্থান তৈরি করেছিলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি ছিলেন কিংবদন্তি পল্লীগীতি শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের পুত্র। তার পরিবারটি বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির এক অনন্য ধারক-বাহক। বোন ফেরদৌসী রহমান, ভাই বিচারপতি মোস্তফা কামাল এবং ভাতিজি নাশিদ কামালও নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট।
১৯৩৬ সালে ভারতের কোচবিহারে জন্ম নেওয়া এই শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সংগীত গবেষণা, ফোক গান সংগ্রহ ও সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। একাধিক আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তার সম্পাদিত ও লিখিত বহু গ্রন্থ বাংলা লোকসঙ্গীতের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।
জীবনব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন। তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।