৬৩ বছর বয়সে চুপচাপ পেছনে ফেলে গিয়েছিলেন নিজের পরিচিত জীবন। আর এবার, ৮৬ বছর বয়সে পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিলেন ক্যাথলিক চার্চের সবচেয়ে উদারপন্থি পোপ-পোপ ফ্রান্সিস। তার মৃত্যু ২১ এপ্রিল বিশ্বজুড়ে প্রায় ১.৪ বিলিয়ন রোমান ক্যাথলিকের হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে।
তবে শোকের পাশাপাশি উঠে এসেছে এক বড় প্রশ্ন-কে হবেন তার উত্তরসূরি?
এই প্রশ্নের উত্তর খোঁজার আনুষ্ঠানিক কাজ শুরু হবে আগামী সপ্তাহে। ৭ মে’র পর সিস্টিন চ্যাপেলের ঐতিহাসিক দরজা সিল করে শুরু হবে গোপন ভোটাভুটি-‘কনক্লেভ’। উপস্থিত থাকবেন ১৩৫ জন সেই কার্ডিনাল, যারা ৮০ বছরের কম বয়সি। তাদের কাঁধেই বর্তেছে নতুন পোপ নির্বাচনের গুরুদায়িত্ব।
নির্বাচন নয়, যেন এক ঐশ্বরিক অন্বেষা
পোপ নির্বাচন শুধু নেতৃত্ব বদলের প্রক্রিয়া নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক ধ্যানমগ্নতা, অভ্যন্তরীণ আলাপ, এমনকি কখনও রাজনৈতিক ভারসাম্যের অনুশীলনও। গির্জার ভবিষ্যৎ দিকনির্দেশনা, সংস্কার কিংবা রক্ষণশীলতার মানচিত্র নির্ধারণ হয় এই পোপ নির্বাচনের মাধ্যমে।
তাই ভোট শুরুর আগেই বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে একাধিক সম্ভাব্য নাম। তাদের কেউ সংস্কারপন্থি, কেউ রক্ষণশীল, আবার কেউ মধ্যপন্থী আপসপ্রার্থী।
প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি পরিচয়
জঁ-মার্ক অ্যাভেলিন (ফ্রান্স)
মার্সেইয়ের আর্চবিশপ। মুখাবয়বে প্রয়াত জন ত্রয়োবিংশ পোপের মতো। পোপ ফ্রান্সিসের রসিকতামাখা পূর্বাভাসেই তার নাম উঠে আসে, যাকে তিনি বলেছিলেন “সম্ভবত জন চতুর্বিংশ”।
লুইস আন্তোনিও ট্যাগল (ফিলিপাইন)
একসময় পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠজন। তার মুক্তচিন্তা ও এশিয়ার প্রতিনিধিত্ব তাকে সম্ভাব্য পছন্দ করে তুলেছিল, যদিও সমকামী ও বিবাহবিচ্ছেদ ইস্যুতে তার স্পষ্ট অবস্থান তাকে বিতর্কে ফেলেছে।
পিটার এরদো (হাঙ্গেরি)
২০১৩ সালের কনক্লেভেও ছিলেন শক্ত প্রতিদ্বন্দ্বী। রক্ষণশীল মানসিকতার হলেও উদার সংস্কারের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন। তার বহুভাষী দক্ষতা (ইতালীয়, জার্মান, স্প্যানিশ, রুশ) তাকে ভোটে বাড়তি সুবিধা দেবে।
মারিও গ্রেচ (মাল্টা)
ক্ষুদ্র দ্বীপ গোজোর সন্তান। ফ্রান্সিসের যুগে সংস্কারের কণ্ঠস্বর। সিনডের মহাসচিব হিসেবে ইতোমধ্যে প্রভাবশালী দায়িত্বে রয়েছেন।
হুয়ান হোসে ওমেলা (স্পেন)
সাদামাটা জীবনের প্রতীক, সামাজিক ন্যায়বিচারে দৃঢ় অবস্থান। ফ্রান্সিসের অন্যতম পছন্দের ব্যক্তি। তবে বয়স ও প্রোফাইল তুলনামূলকভাবে মিডিয়ার আলোচনায় কম।
পিয়েত্রো প্যারোলিন (ইতালি)
ভ্যাটিকানের কূটনীতিক মহাজন। ফ্রান্সিসের পররাষ্ট্রমন্ত্রী। ডেপুটি পোপ হিসেবে পরিচিত। তার শান্তভাষী রূপ ও ভারসাম্যপূর্ণ অবস্থান তাকে সম্ভাব্য আপসপ্রার্থী করে তুলেছে।
জোসেফ টোবিন (যুক্তরাষ্ট্র)
নিউ জার্সির আর্চবিশপ। যুক্তরাষ্ট্র থেকে এখনো কোনো পোপ না হলেও, টোবিনের নাম থাকছে আলোচনায়। ফ্রান্সিসের আস্থাভাজন ছিলেন তিনি।
পিটার টার্কসন (ঘানা)
সাব-সাহারা আফ্রিকা থেকে সম্ভাব্য প্রথম পোপ হতে পারেন তিনি। বহু অভিজ্ঞতা ও ভ্যাটিকানের শীর্ষ পদে কাজের অভিজ্ঞতা তাকে শক্তিশালী প্রার্থী বানিয়েছে।
মাত্তেও মারিয়া জুপ্পি (ইতালি)
বোলোগনার আর্চবিশপ। ফ্রান্সিসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইতালি থেকে দীর্ঘদিন কোনো পোপ না আসায় এবার তাকে ঘিরে প্রত্যাশা প্রবল।
নির্বাচনের রাজনীতি ও আধ্যাত্মিকতা
যদিও ক্যাথলিক চার্চ প্রচার করে যে, পোপ নির্বাচনের সময় কার্ডিনালরা শুধুই ঈশ্বরের ইশারায় ভোট দেন-বাস্তবে প্রক্রিয়ার ভেতরে রয়েছে নীরব লবিং,আঞ্চলিক ভারসাম্য ও রাজনৈতিক বিবেচনা। উদার বনাম রক্ষণশীল, ইউরোপ বনাম বিশ্ব, কূটনীতি বনাম যাজকীয় অভিজ্ঞতা-সবই আছে হিসাবের খাতায়।
বিশ্ব অপেক্ষায়-কে হবেন নতুন মুখপাত্র?
একটা সময় ছিল, যখন পোপ ছিলেন শুধু ধর্মীয় নেতা। আজ, তিনি বিশ্ব রাজনীতির এক নীরব অথচ কার্যকর অংশ। জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, দারিদ্র্য, অভিবাসন-সব বিষয়ে তার অবস্থান বিশ্ব সম্প্রদায়কে প্রভাবিত করে।
ফলে নতুন পোপ নির্বাচন মানে কেবল একজন ধর্মগুরুকে বেছে নেওয়া নয়-এটা বিশ্ব-সমস্যাগুলোর এক নৈতিক কণ্ঠকে নির্ধারণ করার সুযোগ।
সমাপ্তি নয়, শুরু
৭ মে’র পর যখন ঐতিহাসিক সিস্টিন চ্যাপেল একবার বন্ধ হয়ে যাবে,বাইরে শুধু একটাই সংকেত থাকবে-চিমনির ধোঁয়া। কালো ধোঁয়া মানে সিদ্ধান্ত হয়নি। আর সাদা ধোঁয়া? তখন গোটা পৃথিবী শ্বাস ধরে শুনবে-"হ্যাবেমাস পাপাম!"-আমরা পেয়েছি আমাদের পোপ।